ভোলা প্রতিনিধি :ভোলা সদর উপজেলার ইলিশাঘাট এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ হাসনাইন ওরফে নাইম (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ২১ অক্টোবর দুপুরে ইলিশা লঞ্চঘাট এলাকায় পরিচালনা করা এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত নাইম ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোলকপুর গ্রামের নাজিম মাষ্টার ও বিবি কুলসুম দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় নাইমের সাথে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে দু'টি প্যাকেটে তিন কেজি করে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের সাথে জড়িত থাকায় তাকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক বশির আলম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com