রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ নিলে যুক্তরাষ্ট্র ঐতিহাসিক ভুল করবে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি বলেছেন, এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিত্র হিসেবে বিবেচনা করেন তিনি।
রোববার এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, আমরা ট্রাম্পকে বিশ্বাস করতে চাই। তার আশা, মার্কিন প্রেসিডেন্ট নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবেন। কারণ, এসব সিদ্ধান্ত ইউক্রেন কিংবা যুক্তরাষ্ট্র কোনো দেশেরই উপকারে আসবে না।
শুক্রবার কংগ্রেসে পাস হওয়া রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা কার্যকরে ছাড় দেন ট্রাম্প। নির্বাহী আদেশে তিনি বলেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে নেওয়া হয়েছে। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার মধ্যে পুতিনের সঙ্গে সমঝোতার পর রাশিয়ার বিপুল পরিমাণ ডিজেল বিশ্ববাজারে ছাড়ার বিষয়টিও সামনে এসেছে।
জেলেনস্কি জানান, কিছু সময়ের জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ থাকায় রাশিয়ার ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে আগাম তথ্য পায়নি ইউক্রেন। পরে এই সহযোগিতা আবার চালু হয়েছে। তবে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক এবং সামরিক যোগাযোগব্যবস্থা স্টারশিল্ড ব্যবহারে বিধিনিষেধ এখনো রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের ধারণা, স্টারলিংক ব্যবহারে সীমাবদ্ধতা আরোপের সিদ্ধান্তের পেছনে মার্কিন সরকারের বার্তা ভূমিকা রেখেছে। এ সিদ্ধান্তে ট্রাম্প ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক দুজনই জড়িত থাকতে পারেন বলে মনে করেন তিনি। তবে বিষয়টি নিশ্চিত করে জানেন না বলেও উল্লেখ করেন।
ট্রাম্পের সঙ্গে আলোচনার প্রসঙ্গে জেলেনস্কি বলেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তিনি খোলামেলা কথা বলেছেন। তার মতে, মুখে হাসি রেখে হত্যাকারীর মতো আচরণ করে—এমন কারও চেয়ে স্পষ্ট ও সরাসরি কথা বলেন, এমন অংশীদার থাকা ভালো।
যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে রাশিয়ার পক্ষ নিলে ইউক্রেনের পক্ষে টিকে থাকা কঠিন হবে বলেও মন্তব্য করেন জেলেনস্কি। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কার্যকরে ছাড় দেওয়ার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে আসা মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে প্রস্তাবিত আইনটির বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন।
জেলেনস্কি জানান, রোববারের শেষ দিকে যুক্তরাষ্ট্রের আলোচকদের সঙ্গে ফোনে কথা বলার কথা রয়েছে তার। আগামী কয়েক দিনের মধ্যে বৈঠক হওয়ার বিষয়েও আশাবাদী তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com