আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, সীমিত আর্থিক ও প্রযুক্তিগত সম্পদ এবং নিরাপত্তার নানা প্রতিকূলতার মধ্যেও নিজেদের অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে ইরান। রোববার (১৮ অক্টোবর) ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের আগস্টে ইরানের দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন সক্ষমতা ছিল ৩৪ লাখ ৩০ হাজার (৩.৪৩ মিলিয়ন) ব্যারেল। সেখান থেকে বৃদ্ধি পেয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে তা দৈনিক ৩৭ লাখ ১৫ হাজার (৩.৭১৫ মিলিয়ন) ব্যারেলে উন্নীত হয়েছে। অভ্যন্তরীণ দক্ষতা ও স্থানীয় প্রযুক্তি ব্যবহারের ফলেই এই সক্ষমতা অর্জন সম্ভব হয়েছে বলে উল্লেখ করা হয়।
এদিকে, তেল উৎপাদন বৃদ্ধির এই সংবাদের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে নতুন তথ্য দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানান, কাতারকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া সাত দিনের শান্তি প্রস্তাব এখনও ইরানের টেবিলে কার্যকর রয়েছে।
নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি আমাদের দেওয়া শর্তগুলো মেনে নেয়, তবে ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং সপ্তম দিন থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরু হবে।’
বর্তমানে এই প্রস্তাব মেনে নেওয়া বা না নেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে ওয়াশিংটনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com