সাইমুন ইসলাম কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা, টানা পাঁচ দিনের ছুটি ও দুই দিনব্যাপী বিচ কার্নিভালকে ঘিরে সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকের ঢল নামার প্রত্যাশা করা হচ্ছে।
উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে পর্যটন নগরীর আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টের ৬০ থেকে ৮০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। কোনো কোনো হোটেলে ছুটির গুরুত্বপূর্ণ দিনগুলোতে সব কক্ষই বুকিং হয়ে গেছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ধারণা, এ সময়ে দুই থেকে তিন লাখ পর্যটক ও দর্শনার্থীর সমাগম হতে পারে।
আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর দুই দিনব্যাপী বিচ কার্নিভাল উপলক্ষে কুয়াকাটায় উৎসবমুখর পরিবেশ তৈরির প্রস্তুতি চলছে। জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বিচ ম্যানেজমেন্ট কমিটির যৌথ আয়োজনে কার্নিভালে থাকছে স্থানীয় ও খ্যাতনামা শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচ ম্যারাথন, বিচ ফুটবলসহ নানা আকর্ষণীয় আয়োজন। এতে পর্যটকদের পাশাপাশি স্থানীয় দর্শনার্থীদেরও ব্যাপক উপস্থিতি আশা করছেন সংশ্লিষ্টরা।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, কুয়াকাটায় ৩০০টির বেশি আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ৪০ থেকে ৫০ হাজার পর্যটকের রাত্রিযাপনের ব্যবস্থা রয়েছে। পর্যটকদের অতিরিক্ত চাপ সামাল দিতে আশপাশের পাঁচটি গ্রামের প্রায় ৬০০টি বাসাবাড়িও হোমস্টে হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
কুয়াকাটা সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের সহকারী ব্যবস্থাপক আল আমিন খান উজ্জ্বল জানান, তাঁদের কটেজ ও ভিলার প্রায় ৭০ শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে শতভাগ বুকিং হয়ে যাওয়ার আশা করছেন তাঁরা।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ বলেন, দুর্গাপূজার ছুটি কুয়াকাটায় পর্যটক আগমনের অন্যতম ব্যস্ত সময়। প্রথম ও দ্বিতীয় শ্রেণির হোটেলগুলোর ৭০ থেকে ৮০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। তবে তৃতীয় শ্রেণির হোটেলগুলোর অধিকাংশ কক্ষ এখনো ফাঁকা রয়েছে। পর্যটকদের আকৃষ্ট করতে কিছু হোটেল কক্ষভাড়ায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে।
কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু জানান, হোটেল-মোটেল, রেস্তোরাঁসহ পর্যটননির্ভর প্রায় ১৬টি পেশার পাঁচ থেকে সাত হাজারের বেশি শ্রমিক পর্যটকদের সেবা দিতে প্রস্তুত রয়েছেন। এ ছাড়া শতাধিক প্রশিক্ষিত ট্যুর গাইডের পাশাপাশি পর্যটনসংশ্লিষ্ট অন্যান্য খাতের আরও দুই শতাধিক কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে সৈকত এলাকায় পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও নিরাপত্তাব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব মো. আরিফুজ্জামান এবং কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে সৈকত এলাকা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে সৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সৈকত পরিচ্ছন্ন রাখার কার্যক্রমও পরিচালনা করা হয়েছে। এর আগে গত ১৫ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে কার্নিভাল উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, ছুটি ও বিচ কার্নিভাল উপলক্ষে কুয়াকাটাকে নতুন রূপে সাজানো হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের ইনচার্জ নাজমুল আহসান জানান, পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও বন বিভাগের পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। উৎসব চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে।
সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রত্যাশা, দুর্গাপূজার ছুটি ও বিচ কার্নিভালকে ঘিরে বিপুলসংখ্যক পর্যটকের আগমনে কুয়াকাটার পর্যটন ব্যবসায় নতুন গতি ফিরবে। হোটেল-মোটেল, রেস্তোরাঁ, পরিবহন, ট্যুর গাইড ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
সব মিলিয়ে উৎসব, সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও নানা আয়োজনের সমন্বয়ে আসন্ন ছুটিতে কুয়াকাটা দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হয়ে উঠবে—এমনটাই আশা করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com