গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তিন দিনের মাথায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার গাজীপুরের সফিপুরস্থ ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন ইন্ডাস্ট্রির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কারখানার ছয়তলা ভবনের নিচতলায় থাকা স্টোরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ২২ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের স্টেশন কর্মকর্তা তালহা বিন জসিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লাগার পর বিকেল ৪টা ২৪ মিনিটে তারা খবর পায়। এরপর স্টেশন থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত ওই কারখানায় বিকেল ৪টা ৩৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে শুরুতে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট কাজ শুরু করে। তবে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com