ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর কাছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল- আশাবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘন্টা পর শুক্রবার (১৬ অক্টোবর) হস্তান্তর করে।
ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর সীমান্তের মেইন পিলার ২০৫৭ এলাকায় এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)- এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহিন, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।
হস্তান্তর করা দুই পুলিশ সদস্য হলেন- ব্রাহ্মণপাড়া থানার কনস্টেবল রহিত দেওয়ান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: ইমরান হোসেন।
এর আগে, দুই পুলিশ সদস্যকে হস্তান্তরের বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে খুদে বার্তার মাধ্যমে যোগাযোগ করা হয়। তিনি সকাল ১১টার দিকে হস্তান্তরের সম্ভাব্য সময়ের কথা জানিয়েছিলেন। তবে সময় কিছুটা পরিবর্তিত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশ সূত্রপ জানা যায় , বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে দায়িত্ব পালনকালে শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থানে মাদক উদ্ধার অভিযানে যায় পুলিশের একটি দল। এসময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তাকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান অজান্তে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। পরে ভারতীয় বাসিন্দারা তাকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন।
পরে খবর পেয়ে সহকর্মীকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়। দুই সদস্যের খবর পেয়ে তাদের দেশে ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারতের সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ শুরু করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com