আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, সংযম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্সে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
ব্রিফিংয়ে পুলিশ কমিশনার বলেন, দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ধৈর্য, সংযম ও আন্তরিকতার পরিচয় দিতে হবে। এমন কোনো আচরণ বা মন্তব্য করা যাবে না, যাতে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সদস্য ও দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। পুলিশ সদস্যদের সাহস, আত্মবিশ্বাস ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি।
সকলের আন্তরিকতা, সতর্কতা ও সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ কমিশনার।
ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল এবং অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; উপপুলিশ কমিশনার (সদর দপ্তর এবং অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি) এম এম শাকিলুজ্জামান, যিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) (ভারপ্রাপ্ত) এবং কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com