চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারত থেকে আধুনিক সুবিধাসম্পন্ন আরও ১৮টি রেলওয়ে কোচ বাংলাদেশে আসছে আজ শুক্রবার। এদিন দুপুর ১২টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে কোচগুলো রওনা হয়ে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে জংশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা রয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দর্শনা স্টেশনে কোচগুলো পৌঁছানোর পর প্রাথমিক পরিদর্শন, কাস্টমস ক্লিয়ারেন্সসহ প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হবে। নিরাপত্তা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার উদ্দেশে ছেড়ে যাবে। সেখানে প্রাথমিক সংযোগ, কার্যক্ষমতা পরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করার পর কোচগুলো যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করা হবে।
আমদানি করা ১৮টি কোচের মধ্যে রয়েছে দুটি জেনারেটর কারসহ পাওয়ার কার, ১১টি শীতাতপ নিয়ন্ত্রিত ইকোনমি শ্রেণির কোচ, তিনটি এসি চেয়ার কোচ এবং দুটি সাধারণ এসি কোচ।
রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, নতুন কোচগুলো বহরে যুক্ত হলে দেশের রেল যোগাযোগব্যবস্থায় যাত্রীসেবার মান বাড়বে। পাশাপাশি ট্রেনে আসনসংকট কমার পাশাপাশি দূরপাল্লার যাত্রায় যাত্রীরা আরও আরামদায়ক ও উন্নত সেবা পাবেন।
দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার তরিকুল ইসলাম বলেন, “শুক্রবার ১৮টি কোচ দর্শনা হয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে আমাদের জানানো হয়েছে। এ জন্য আমরা প্রস্তুত রয়েছি। কোচগুলো পৌঁছালে কাস্টমস ক্লিয়ারেন্স ও প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com