গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সি স্টেজ বিডি লি: নামক কারখানার শ্রমিকরা। এ সময় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। পুলিশ পিরিস্থিতি নিয়ন্ত্রন করতে সাউণ্ড গ্রেনেড নিক্ষেপ করে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই সড়কের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আন্দোলনকারীরা জানান, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্ধারিত দিনে বেতন দেয়নি। গতকাল বুধবার বেতন দেওয়ার তারিখ থাকলে বেতন না দিয়ে তালবাহানা করতে থাকে। আজকে সকালে গিয়ে দেখতে পাই কর্তৃপক্ষ কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।
এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সকাল সাড়ে ৮টা থেকে মহাসড়কে অবস্থান নেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেসমাধানের প্রস্তাব দেয়।
শ্রমিকরা প্রস্তাব উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। অবরোধের কারণে মহাসড়কে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেডনিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্র ভঙ্গ হয়ে সরে যায়।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম জানান, সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বেতনের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করেছিলো। পরে তাদের মালিক পক্ষের সঙ্গে আলোচনা করার প্রস্তাব জানিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়। তারা অনুরোধে সাড়া না দিয়ে মহাসড়ক অবরোধ অব্যাহত রাখে। পরে তাদের বেশ কয়েকটি সাউণ্ড গ্রেনেড ছুঁড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তিনি জানান, মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তাদের যে অভিযোগ কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়া হয়েছে, তা সঠিক নয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com