সাইফুল ইসলাম, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আনুষ্ঠানিকভাবে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত 'ফ্যামিলি কার্ড' তথ্য সংগ্রহ কার্যক্রম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি ট্যাব ব্যবহার করে অনলাইনে তথ্য সাবমিট করার মাধ্যমে ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের বাসিন্দা আকলিমা বেগমের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে এই ঐতিহাসিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার মোবারক হোসেনের সাবলীল সঞ্চালনায় অন্যান্যের মধ্যে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তাজ উদ্দিন সিকদার, পৌর বিএনপি'র সভাপতি হযরত আলী মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ বক্তৃতা করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা প্রকৃত ও অসহায় মানুষের দোরগোড়ায় আরও স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়া সম্ভব হবে। দেশব্যাপী এই কর্মসূচির অগ্রদূত হিসেবে মির্জাপুর উপজেলায়ও এর শুভ সূচনা হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com