রাজধানীর মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেন্ডারিয়া থানায় একযোগে এই চিরুনি অভিযান চালানো হয়। রাত ৯টার পর শুরু হওয়া চার ঘণ্টার এই অভিযানে পুলিশ, ডিবি, সোয়াট, এসআরবি, এপিবিএন এবং ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক শত সদস্য অংশ নেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) অপরাধীদের পালানোর সব পথ বন্ধ করতে পুরো এলাকা অবরুদ্ধ করে এই তল্লাশি চালানো হয়।
অভিযানে মোট ৩৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২০২ জন গ্রেপ্তার হয় পল্লবী থেকে। এছাড়া মোহাম্মদপুরে ৫৯ জন, আদাবরে ৪৫ জন এবং গেন্ডারিয়ায় ৩৮ জনকে আটক করা হয়। ধৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি সিঙ্গেল শুটার গান, বেশ কিছু দেশীয় অস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, মোহাম্মদপুর ও পল্লবী এলাকায় কোনো 'কিশোর গ্যাং'-এর অস্তিত্ব রাখা হবে না এবং অপরাধ দমনে এই বিশেষ অভিযান সামনেও অব্যাহত থাকবে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের তথ্য প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে তাদের আদালতে পাঠানো হবে এবং বাকিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com