ইউক্রেনে ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মস্কোর দাবি, সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি চায় ক্রেমলিন।
রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, রাশিয়া সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী।
এর আগে রোববার মার্কিন সংবাদমাধ্যম এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ৬০ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি বলেন, ‘পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন। ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি দিন, আর আমরা নির্বাচন আয়োজন করব।’
জেলেনস্কির এ প্রস্তাবের জবাবে পেসকভ বলেন, রাশিয়া দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি চায়। তার ভাষায়, ‘ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বারবার বলেছেন, আমরা যুদ্ধবিরতি চাই না। আমরা দীর্ঘমেয়াদি শান্তি চাই এবং তা অর্জনে সম্ভব সবকিছু করতে প্রস্তুত।’
এদিকে, ইউক্রেনে নির্বাচন আয়োজনের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছে রাশিয়া। মস্কোর দাবি, নির্বাচন না হওয়ায় জেলেনস্কির বৈধতা প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে ইউক্রেনের আইন অনুযায়ী, যুদ্ধকালীন সময়ে নির্বাচন আয়োজন নিষিদ্ধ।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের অবসানে যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি নিয়ে মতপার্থক্য আবারও সামনে এসেছে। জেলেনস্কি যেখানে নির্দিষ্ট সময়ের যুদ্ধবিরতির মাধ্যমে নির্বাচন আয়োজনের সুযোগ চান, সেখানে মস্কো সাময়িক বিরতির বদলে দীর্ঘমেয়াদি সমাধানের ওপর জোর দিচ্ছে।
দুই পক্ষের অবস্থানের এই ব্যবধানের মধ্যে যুদ্ধবিরতি ও নির্বাচন আয়োজনের বিষয়ে সমঝোতা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
সূত্র: রয়টার্স
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com