শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন মন্ডপে প্রতীমা স্থাপনের শেষমূহুর্তের প্রস্তুতি চলছে। উপজেলার ১৪ ইউনিয়নে মোট ৮৫টি মন্ডপে এবার দুর্গোৎসব-২০২৬ অনুষ্ঠিত হত যাচ্ছে। ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। এনিয়ে পূজা মন্ডপগুলোতে প্রতীমা স্থাপন, রং তুলির সাজসজ্জা, প্যান্ডেল, গেইল/তোরণ নির্মাণ, আলোকসজ্জার কাজ চলছে।
গত ৭ অক্টোবর বিকালে শ্রীনগর উপজেলা প্রশাসন আয়োজিত শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায়ও স্থানীয় এমপি শেখ মো. আব্দুল্লাহ পূজা মন্ডপগুলোতে সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থার জন্য দিক নির্দেশনা দেন। এদিকে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞার নেতৃত্বে থানার পুলিশ পরিদর্শক মিল্টন দত্ত ও অন্যান্য পুলিশ অফিসার গত শনিবার উপজেলার বাঘড়া, ভাগ্যকুল এবং সোমবার বাড়ৈখালী এলাকাসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন মন্ডপ কমিটির সংশ্লিষ্ট লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলার হাঁসাড়া ও বাড়ৈখালী ইউনিয়নে পূজা মন্ডপের সংখ্যা সবচেয়ে বেশী। এ তালিকায় পাটাভোগ ও আটপাড়া ইউনিয়নে পূজা মন্ডপের সংখ্যা কম। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কুকুটিয়া ইউনিয়নে ৬টি, শ্রীনগর সদর ইউনিয়নে ১১টি, পাটাভোগ ১টি, ভাগ্যকুল ৮টি, হাঁসাড়া ১৩টি, বাড়ৈখালী ১৩টি, বীরতারা ৯টি, বাঘড়া ৫টি, রাঢ়িখাল ৬টি, কোলাপাড়া ৩টি, শ্যামসিদ্ধি ২টি, ষোলঘর ৪টি, আটপাড়া ১টি ও তন্তর ইউনিয়নের ৩টি মন্ডপে শারদীয় দুর্গাৎসব অনুষ্ঠিত হবে।
শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্ত জানান, গেল বছর উপজেলায় ৮৪টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। এ বছর মোট ৮৫টি মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূজা মন্ডপগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। বিদ্যুতের লোডশেডিং আশঙ্কায় রাখা হচ্ছে জেনারেটর ব্যবস্থা। সার্বিক নিরাপত্তায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ মন্ডপ কমিটির সংশ্লিষদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com