ইয়ামিন হোসেন: ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে ৪ জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ এবং ৪০ কেজি মা ইলিশ উদ্ধার করেছে প্রশাসন।
রবিবার (১১ অক্টোবর) রাতে ভোলার মেঘনা নদীতে নৌ-পুলিশ ও জেলা মৎস্য বিভাগের যৌথ সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারের দেওয়া নিষেধাজ্ঞা কার্যকর করতে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে নিয়মিত টহল ও অভিযান চালানো হচ্ছে। অভিযানের অংশ হিসেবে রবিবার রাতে অসাধু উপায়ে মাছ শিকারের সময় ৪ জেলেকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে উদ্ধারকৃত ৪০ কেজি ইলিশ মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে। এছাড়া জব্দকৃত ৫ লাখ মিটার কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "মা ইলিশ সুরক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে যারা নদীতে মাছ ধরতে নামবে, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। আটক চার জেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কারাদণ্ড দেওয়া হয়েছে।"
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com