নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) রিলাই প্রকল্পের আওতায় আরডিসিএসের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের ধোপাঘাটা পুরাতন ব্রিজ এলাকায় নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।
এ সময় উপস্থিত ছিলেন এসডিএফের যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা, নির্মাণ ও পরিবেশ বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুর রহমান, জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আয়োজকরা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় এসডিএফ কাজ করে যাচ্ছে। রিলাই প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নবনির্মিত এ ভবনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম পরিচালনা আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com