খুলনা ব্যুরো : খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (পিবিসিপি) নেতা নাসিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকায় উক্ত ঘটনা ঘটে।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সানোয়ার হুসাইন মাসুম তরঙ্গ নিউজকে ঘটনাটি নিশ্চিত করেন এবং মুঠোফোনে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। কী কারণে এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকায় তৈয়ব আলী শিকদারের চায়ের দোকানের সামনে বসেছিলেন নাসিম। এ সময় অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ নাসিমকে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিহত নাসিমুল করিমের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টসহ মোট ৭টি মামলা রয়েছে। এছাড়া প্রাথমিক পর্যালোচনায় তার পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)-এর সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে কী কারণে এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com