দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জিম ক্যারি। ৬৪ বছর বয়সি এই অভিনেতার সঙ্গে মিন আহর বয়সের ব্যবধান ৩২ বছর। লস অ্যাঞ্জেলেসে ঘরোয়া ও ব্যক্তিগত এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছেন ‘ব্রুস অলমাইটি’ খ্যাত এই তারকা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জিম ক্যারির এক মুখপাত্র বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসে ছোট পরিসরের একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। তবে তাদের বিয়ের অনুষ্ঠান নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
জানা গেছে, ২০২২ সাল থেকে সম্পর্কে রয়েছেন এই জুটি। তবে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বেশ গোপনীয়তা বজায় রেখেছেন তারা। চলতি বছরের শুরুতে ফ্রান্সে অনুষ্ঠিত সেজার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথমবারের মতো তাদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়। ওই অনুষ্ঠানে মিন আহকে নিজের ‘সঙ্গী’ হিসেবে পরিচয় করিয়ে দেন জিম ক্যারি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জিম ক্যারি ফরাসি ভাষায় দেওয়া বক্তব্যে তার পরিবার, মেয়ে জেন ও নাতি জ্যাকসনকে ধন্যবাদ জানান। এরপর মিন আহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে নিজের ‘অসাধারণ সঙ্গী’ বলে উল্লেখ করেন। তিনি বলেন,আমি তোমাকে ভালোবাসি, মিন আহ।
এরপর নিজের প্রয়াত বাবা পার্সি জোসেফ ক্যারির কথাও স্মরণ করেন অভিনেতা। বাবার কাছ থেকে ভালোবাসা, উদারতা ও হাসির মূল্য শিখেছেন বলে জানান তিনি।
এর আগে দুবার বিয়ে করেছিলেন জিম ক্যারি। ১৯৮৭ সালে মেলিসা ওমারকে বিয়ে করেন তিনি। তাদের ঘরে জন্ম নেয় এক মেয়ে। ১৯৯৫ সালে তাদের বিচ্ছেদ হয়। পরের বছর ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ সিনেমার সহশিল্পী লরেন হলিকে বিয়ে করেন ক্যারি। তবে এক বছর পরই তাদের বিচ্ছেদ হয়।
এ ছাড়া জেনি ম্যাকার্থি, রেনে জেলওয়েগার, লিন্ডা রনস্টাড ও জানুয়ারি জোনসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।
অভিনয়ের পাশাপাশি জিম ক্যারি একজন স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবেও ক্যারিয়ার শুরু করেন। টেলিভিশন অনুষ্ঠান ‘ইন লিভিং কালার’-এর মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পর ১৯৯৪ সালে ‘এস ভেনচুরা: পেট ডিটেকটিভ’, ‘দ্য মাস্ক’ ও ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ সিনেমায় টানা সাফল্য পান। পরে ‘দ্য ট্রুম্যান শো’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’ ও ‘ম্যান অন দ্য মুন’-এ অভিনয়ের জন্য প্রশংসিত হন। ‘ম্যান অন দ্য মুন’ ও ‘দ্য ট্রুম্যান শো’ সিনেমার জন্য দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতেছেন তিনি।
সম্প্রতি ফ্রান্সের ৫১তম সেজার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জিম ক্যারিকে সম্মানসূচক পুরস্কার দেওয়া হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com