ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। তিনি বলেছেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো হুমকি বা হামলার কঠোর জবাব দেওয়া হবে।
বুধবার সৌদি আরবের শুরা কাউন্সিলের নবম অধিবেশনের তৃতীয় বছরের উদ্বোধনী অনুষ্ঠানে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদের পক্ষে বক্তব্য দেন যুবরাজ সালমান। সেখানে তিনি বলেন, দেশের নিরাপত্তা ক্ষুণ্ন করার যেকোনো হুমকি বা হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সৌদি আরব দ্বিধা করবে না। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
হুথিদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সৌদি যুবরাজ বলেন, ইয়েমেনের বিদ্রোহীরা ‘বিশৃঙ্খলা ও ধ্বংস’ বেছে নিয়েছে এবং এর মাধ্যমে ইয়েমেনের জনগণ ও পুরো অঞ্চলকে হুমকির মুখে ফেলছে।
আগস্টে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির কথাও উল্লেখ করেন তিনি। এমবিএস বলেন, এই জোট আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার, উত্তেজনা ও সংঘাতের প্রভাব থেকে অঞ্চলকে সুরক্ষা এবং পারস্পরিক সমন্বয় বাড়ানোর সৌদি নেতৃত্বের অভিপ্রায়কে তুলে ধরে।
তবে সামরিক পদক্ষেপের পাশাপাশি উত্তেজনা কমানো এবং কূটনৈতিক সমাধানের পথ খোঁজার ওপরও জোর দেন সৌদি যুবরাজ। তিনি বলেন, সৌদি আরব উত্তেজনা প্রশমনে এবং কূটনৈতিক সমাধান এগিয়ে নিতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দেশের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে হুথিদের জাহাজে হামলার বিষয়েও কথা বলেন এমবিএস। আন্তর্জাতিক জলপথকে রাজনৈতিক বা অর্থনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরোধিতা করেন তিনি।
আন্তর্জাতিক জলপথে অভিন্ন স্বার্থ সুরক্ষায় একটি ‘বহুজাতিক প্রতিরক্ষামূলক সামুদ্রিক জোট’ গঠন করা হয়েছে বলেও জানান সৌদি যুবরাজ।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের হামলা বেড়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে গোষ্ঠীটি।
গত সপ্তাহে সৌদি আরব জানায়, পশ্চিমাঞ্চলীয় তাইফ ও লোহিত সাগরের ইয়ানবু বন্দরের দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। হুথিরাও সৌদির রাজধানী রিয়াদে একটি ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু’ এবং ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনায় হামলার দাবি করেছে।
এর একদিন আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জানিয়েছিলেন, সৌদি আরবের ওপর হুথিদের হামলা অব্যাহত থাকলে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় ইসলামাবাদ সৌদি আরবকে ‘যে কোনো ধরনের’ প্রয়োজনীয় সহায়তা দেবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com