মাহমুদ দোলন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বহুবাঁধ এফসিডিআই প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে 'পানি ব্যবস্থাপনা সংগঠনগুলোকে শিখন, প্রকল্প পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ পরিদর্শন' শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) সকালে আটোয়ারীর আলোয়াখোয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার।
পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও প্রশিক্ষণ কোর্স কো-অর্ডিনেটর আশুতোষ বর্মনের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড রংপুরের মূখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী রাজু আহমেদ ও আটোয়ারী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অর্জুন রায়।
এসময় কর্মসূচির সহকারী কোর্স কো-অর্ডিনেটর হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারী। কর্মসূচিতে বহুবাঁধ প্রকল্পের ৬০ জন সুবিধাভোগী কৃষক, পানি ব্যবস্থাপনা দলের সদস্য অংশগ্রহণ করেছেন। কর্মসূচিতে উপস্থিত কৃষকগণ সেচ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা এবং এই প্রকল্পের আধুনিকায়নের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com