চুয়াডাঙ্গা প্রতিনিধি : দেশীয় চিনি শিল্পকে এগিয়ে নিতে আখের উৎপাদন বাড়াতে মাঠপর্যায়ে নিবিড় তদারকি শুরু করেছে দেশের একমাত্র লাভজনক রাষ্ট্রায়ত্ত চিনি কল কেরু অ্যান্ড কোম্পানি। আজ মঙ্গলবার কোম্পানির সুযোগ্য ও কৃষিবান্ধব ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান ।
চুয়াডাঙ্গার দর্শনায় শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি জনাব তৈয়ব আলীর আখের জমি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে ব্যবস্থাপনা পরিচালক আখের বর্তমান অবস্থা ও ফলন বৃদ্ধির সম্ভাবনা সরাসরি পর্যবেক্ষণ করেন। তিনি চাষিদের আধুনিক কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং উন্নত ফলন পাওয়ার জন্য বেশ কিছু প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ করে আখের সুষ্ঠু বৃদ্ধি ও সঠিক পরিচর্যার জন্য তিনি যথাসময়ে 'ডিট্রাসিং' (পুরোনো, শুকনো ও রোগাক্রান্ত পাতা অপসারণ) কার্যক্রম সম্পন্ন করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। এই সময় মো. রাব্বিক হাসান বলেন, "আখের সঠিক পরিচর্যা, সময়োপযোগী কৃষি ব্যবস্থাপনা এবং নিয়মিত মাঠপর্যায়ের তদারকির মাধ্যমে আখের উৎপাদন ও ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। উৎপাদন বাড়লে একদিকে যেমন চাষির আয় বৃদ্ধি পাবে, অন্যদিকে মিলের জন্য পর্যাপ্ত আখের সরবরাহ নিশ্চিত হবে।
এর চূড়ান্ত সুফল হিসেবে আমাদের দেশীয় চিনি শিল্প আরও শক্তিশালী ও স্বাবলম্বী হয়ে উঠবে।" পরিদর্শনকালে ব্যবস্থাপনা পরিচালকের সাথে আরও উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম, উপ-মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, সাব-জোন প্রধান এম. এ. রতন এবং সংশ্লিষ্ট সিডিএবৃন্দ। উল্লেখ্য, কেরু অ্যান্ড কোম্পানি আখচাষিদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা, মাঠপর্যায়ে নিয়মিত বৈজ্ঞানিক পরামর্শ এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে আখের উৎপাদন বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, "আখচাষ বাড়ুক—চাষি সমৃদ্ধ হোক" এই স্লোগানকে সামনে রেখে কর্মকর্তাদের এমন মাঠপর্যায়ের তৎপরতা চাষিদের আখ চাষে আরও বেশি উৎসাহিত করবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com