ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে মির্জা ফয়সল আমিন সাংবাদিকদের বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিরলসভাবে কাজ করতে চান। আসন্ন নির্বাচনে দলের সব নেতাকর্মী ও সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে এ অঞ্চলে রাজনৈতিক তৎপরতা ও উদ্দীপনা চূড়ান্তে পৌঁছেছে। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলকে ঘিরে প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন।
এদিকে, এই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনও ইতোমধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সহ-সভাপতি এবং ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি ওবায়দুল্লাহ মাসুদ আজই মনোনয়ন দাখিল করবেন। এছাড়া ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম এবং খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী মনোনয়নপত্র দাখিল করার কথা রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com