জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রণহাট্রা চৌরঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌলবি আব্দুল করিমের বিরুদ্ধে শিক্ষকতার পাশাপাশি নিকাহ রেজিস্ট্রার (কাজি) হিসেবে লাভজনক পদে দায়িত্ব পালনের গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি বিধিমালা ও এমপিও নীতিমালার স্পষ্ট নিষেধাজ্ঞা থাকলেও তিনি তা অমান্য করে দ্বৈত পেশা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলবি আব্দুল করিম দীর্ঘদিন ধরে রণহাট্রা চৌরঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন এবং নিয়মিত সরকারি কোষাগার থেকে এমপিও সুবিধা ভোগ করছেন। এর পাশাপাশি তিনি ডাঙ্গীপাড়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজি) হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-এর ১১.১৭ (ক) অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একই সাথে একাধিক কোনো পদে/চাকরিতে বা আর্থিক লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারবেন না। এটি তদন্তে প্রমাণিত হলে সরকার তাঁর এমপিও বাতিলসহ দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিন্তু নীতিমালা অনুযায়ী এই স্পষ্ট নিষেধাজ্ঞা ও শাস্তির বিধানের কথা জানা সত্ত্বেও শিক্ষক মৌলবি আব্দুল করিম তা উপেক্ষা করে উভয় লাভজনক পেশা বহাল রেখেছেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মৌলবি আব্দুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি দ্বৈত পেশায় জড়িত থাকার কথা অস্বীকার না করে উল্টো দাবি করেন, আমি একাই শুধু নই, এ ধরনের অনেকেই এই পেশায় জড়িত আছে। হরিপুরে ২ থেকে ৩ জন এবং রানীশংকৈলে একাধিক ব্যক্তি এর সাথে জড়িত রয়েছে।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার শাহীন আক্তার বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। জনবল কাঠামো অনুযায়ী অন্য লাভজনক পেশায় জড়িত হওয়ার সুযোগ নাই।
একাধিক পেশায় নিয়োজিত থাকার ফলে শিক্ষকতার মতো একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র পেশায় তিনি নিয়মিত ও পূর্ণ সময় দিতে পারছেন কি না—তা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা। এর ফলে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে নীতিমালা লঙ্ঘন করে দ্বৈত পেশায় জড়িত থাকার এই বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তপূর্বক দ্রুত এমপিও বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com