শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলয় অবৈধভাবে ড্রেজার দিয়ে সরকারি সম্পত্তি ভরাট কাজে বাধা দিতে গিয়ে ভূমি অফিসের দুই কর্মচারীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ ও সদস্য অনিক ইসলাম অভির বিরুদ্ধে এই অভিযোগ উঠে। এ ঘটনায় বুধবার তাঁদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা হয়েছে। মামলার নং- ২১ (৯) ২৬।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১টার দিকে শ্রীনগর-দোহার সড়কের রাঢ়ীখাল ইউনিয়নের দামলা এলাকার রবি টাওয়ারের সামনে সরকারি খালের জমি অবৈধ ড্রেজার দিয়ে ভরাট করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশে রাঢ়ীখাল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আরিফ হোসেন খান ও ভূমি অফিসের পিয়ন সুজন ঘটনাস্থলে গিয়ে ভরাটকাজ বন্ধ করতে বলেন।
এ সময় যুবদলের নেতা নুরুল ইসলাম পার্থ ও অনিক ইসলাম অভি সরকারি কাজে বাধা দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাঁরা ভূমি অফিসের দুই কর্মচারী ও তাদের বহন করা অটোরিকশাচালক সোহেলকে মারধর করে আহত করেন।
এজাহারে আরও বলা হয়, পরবর্তীতে ভরাটকাজে বাধা দিলে ভূমি অফিসে গিয়ে আহতদের খুন-জখম করার হুমকি দেওয়া হয়।
খবর পেয়ে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে সেখানে থাকা অবৈধ ড্রেজারটি বিনষ্ট করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত যুবদলের নেতা নুরুল ইসলাম পার্থ ও অনিক ইসলাম অভিকে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তাদের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ঘটনাটি নিয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com