আরফান আলী, শেরপুর: শেরপুরে সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকা মূল্যের সার কালোবাজারে বিক্রির অভিযোগে ১০ বিসিআইসি ডিলারসহ ১৫ জন কারাগারে গেলেও সারের বাজারে এর কোনো প্রভাব পড়েনি। বুধবার (২৩ সেপ্টেম্বর) শহর ও আশপাশের বিভিন্ন বাজারে সরেজমিনে পরিদর্শন করে এমন চিত্র পেয়েছে কৃষি বিভাগ।
সারের সরবরাহ, মজুত ও বিক্রয় পরিস্থিতি দেখতে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা শেরপুরের নিউমার্কেট, কানাশাখোলা বাজার, ইমামবাড়ী বাজার ও কুসুমহাটি বাজারসহ আশেপাশে বিভিন্ন সার বিক্রির দোকান ও সারের গুদাম পর্যবেক্ষণ করেন। এ সময় দোকান ও গুদামে সারের মজুত, সরবরাহ এবং বিক্রয় পরিস্থিতি দেখা হয়। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখেন কর্মকর্তারা।
পরিদর্শনে উপজেলা কৃষি অফিসার মুসলিমা খানম নীলু, অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান, কৃষি সম্প্রসারণ অফিসার মো. নিজাম উদ্দীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আলামিন ও মোহাম্মদ আব্দুল মালেক আকন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক মো. আবু হানিফ, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, নিউজ ২৪-এর জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি রাসেল ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি তারিকুল ইসলামসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সরেজমিনে নিউমার্কেট, কানাশাখোলা বাজার, ইমামবাড়ী বাজার ও কুসুমহাটি বাজারের বিভিন্ন সার বিক্রির দোকান এবং গুদাম পর্যবেক্ষণ করা হয়। পরিদর্শনকালে এসব বাজারে সারের সরবরাহ ও বিক্রয় কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং ডিলারদের কারাগারে পাঠানোর পরও বাজারে দৃশ্যমান কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে দেখা যায়।
এর আগে সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের সার কালোবাজারে বিক্রির অভিযোগে শেরপুর সদর উপজেলার ১৫ ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়, অধিক মুনাফার আশায় সরকারি বরাদ্দের সার কালোবাজারে বিক্রি করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল এবং কৃষকদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনতে হয়েছিল।
মামলার ১৫ আসামি কিছুদিন আগে উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার তাঁরা জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে নতুন করে জামিনের আবেদন করেন। পরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির উভয় পক্ষের শুনানি শেষে তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com