সিনিয়র রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজের মানের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। কার্যাদেশ অনুযায়ী নির্ধারিত মান বজায় রেখে প্রতিটি উন্নয়নকাজ সম্পন্ন করতে হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের কুইটুক ও মুক্তিরচক এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন।
সিসিক প্রশাসক বলেন, নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়নকাজ চলমান রয়েছে। এসব কাজ যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, সে বিষয়ে এলাকাবাসীকেও সচেতন ও সজাগ থাকতে হবে। কারণ উন্নয়নকাজের প্রকৃত সুবিধাভোগী এলাকার জনগণ।
তিনি বলেন, নগরবাসীর অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। একটি টাকাও যেন অপচয় না হয় এবং প্রতিটি টাকার বিপরীতে জনগণ যেন উন্নয়নের সুফল পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে।
এ সময় সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উন্নয়নকাজের গুণগত মান নিয়মিত তদারক এবং কার্যাদেশের শর্ত যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে সিসিকের সাবেক কাউন্সিলর নাজমুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপু, এলাকার মুরব্বি মঈন উদ্দিন, ইমরান আহমদ, ছাবু মিয়া, জেবুল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে সিসিক প্রশাসক নগরীর কাজিরবাজার এলাকায় চলমান ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শন করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com