ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা লঞ্চঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ আল মামুন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল ২২ সেপ্টেম্বর বিকেলে ইলিশা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে এ সফল অভিযান পরিচালিত হয়।
আটককৃত আল মামুন পটুয়াখালীর গলাচিপা এলাকার সাহাবুদ্দিন গাজীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে বিপুল পরিমাণ গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই সাইফুল ইসলামের বিশেষ বিচক্ষণতা ও নজরদারির কারণে ইলিশাঘাট দিয়ে মাদকের চোরাচালান প্রতিরোধে একের পর এক সাফল্য আসছে। তার হাত ধরে নিয়মিত ধরা পড়ছে ছোট-বড় মাদক কারবারিরা।
ইলিশা লঞ্চঘাট এলাকাকে মাদকমুক্ত করতে এসআই সাইফুল ইসলামের এই নিরবচ্ছিন্ন ও সাহসী অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন ভোলার সচেতন নাগরিক সমাজ। তারা মনে করেন, এ ধরনের জিরো টলারেন্স নীতি বজায় থাকলে অচিরেই এলাকাটি সম্পূর্ণ মাদকমুক্ত হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com