সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ): ‘শান্তিতে বিনিয়োগ করুন—সকলের জন্য, সর্বত্র, প্রতিদিন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) ও নারী শান্তি সহায়ক প্লাটফর্মের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে সেখানে শান্তি, সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহমর্মিতার বিকল্প নেই। সমাজের প্রতিটি স্তরে শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ আছমা আক্তার, পিএফজি কো-অর্ডিনেটর ও পিস অ্যাম্বাসেডর মোজাম্মেল হক, নারী উদ্যোক্তা রুমা আক্তার, সাংবাদিক মাহবুবুর রহমান, মো. রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন শামীমসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com