আগামী বছরের (২০২৭ সাল) এপ্রিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে এক বৈঠকে বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উপস্থিত থাকার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর পরে বিষয়টি তিনি জানান।
এসময়, সমাবর্তনে অংশ নেওয়ার আমন্ত্রণ রাষ্ট্রপতি গ্রহণ করেন এবং সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতিও দিয়েছেন বলে উপাচার্য নিশ্চিত করেছেন।
বৈঠকে জাবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এসময়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান ও উৎকর্ষ বাড়াতে শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাক্ষাৎকালে বৈঠকে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণও উপস্থিত ছিলেন।
জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার ৫৫ বছরে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে মাত্র ছয়বার। সর্বশেষ, ২০২৩ সালের ২৫ শে ফেব্রুয়ারি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সময়ে ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেবার প্রায় ১৫ হাজার গ্র্যাজুয়েট, এম.ফিল ও পিএইচ.ডি ডিগ্রি অর্জনকারী সমাবর্তনে অংশ নেয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com