আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিজ নিজ অফিস, বাসাবাড়ি ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।
১৬ সেপ্টেম্বর ( বুধবার) ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিভাগীয় কমিশনার বলেন, এডিস মশা মূলত ঘরের ভেতর ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে।
বর্ষাকালে ড্রাম, পরিত্যক্ত টায়ার, ফুলের টব, ডাবের খোসাসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতে এ মশার প্রজনন বাড়ে। তাই এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে।
তিনি বলেন, “আমরা যার যার অবস্থান থেকে নিজ অফিস, আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করি—তাহলেই ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।”
ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের পরিচালক (অনুবাদ ও সংকলন) মো. আনিসুজ্জামান সিকদার, পরিচালক (পরিকল্পনা) মো. বজলুর রশিদ এবং খুলনা ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী।
কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার উপপরিচালক, মডেল মসজিদের ইমাম, কওমি মাদরাসার মুহতামিম, আলেম-ওলামা এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এর আগে বিভাগীয় কমিশনার ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কার্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com