স্মৃতির উঠোনে হারিয়ে যাওয়া বিকেল আশির দশকের শুরুর দিকের কিছু ঘটনা আজও আমার মনের গভীরে দাগ কেটে আছে। তখন আমরা পুরান বাড়িতে থাকতাম। ধীরে ধীরে পরিবারের লোকসংখ্যা বাড়তে বাড়তে আমাদের বাড়িটাই যেন পুরো দক্ষিণপাড়া হয়ে উঠেছিল।
আমাদের বাড়িটি ছিল পূর্বমুখী। ঘরের চাল ছিল টিনের, আর চারপাশে বাঁশের তর্জার বেড়া। তখনকার দিনে দুপুরের খাবার শেষে বড়রা একটু বিশ্রাম নিতেন। আর আমি? আমার যেন এক মুহূর্তও স্থির থাকার সময় ছিল না। কখনো ছোটাছুটি করতাম, কখনো দাদির সঙ্গে শুয়ে ঘুমানোর চেষ্টা করতাম।
বিকেলের দিকে পশ্চিম আকাশের সূর্য যখন ধীরে ধীরে হেলে পড়ত, তর্জার বেড়ার ফাঁক দিয়ে ঘরের ভেতর ছোট ছোট আলোর রেখা এসে পড়ত। সেই আলোর খেলা আমার শিশুমনে কী যে আনন্দ দিত, তা আজও ভাষায় প্রকাশ করতে পারি না। মনে হতো, প্রকৃতি যেন আমাদের ঘরের ভেতর এসে গল্প করছে।
সারাদিনের গৃহস্থালির কাজ শেষ করে মা, খালা, চাচিরা বিকেলে কোনো একটি গাছের নিচে বসে আড্ডায় মেতে উঠতেন। কেউ কেউ চার-পাঁচজন মিলে পাশাপাশি বসে একে অন্যের মাথার উকুন বাছতেন। সেই দৃশ্যও ছিল আমাদের গ্রামীণ জীবনের একেবারে স্বাভাবিক, অথচ আজকের দিনে অবিশ্বাস্য এক ছবি।
আর আমরা শিশুরা? আমাদের পৃথিবী ছিল খেলাধুলায় ভরা।
পুরান বাড়ির পূর্ব পাশে মতি ভাইয়ের একটি জমি ছিল। সেই জমিটিই ছিল আমাদের খেলার মাঠ। কেউ দাড়িয়াবান্ধা খেলত, কেউ হাডুডু, কেউ ফুটবল। আবার কেউ মাঠের পাশে বসে অন্যদের খেলা দেখত।
আলমগীর ভাই ছিলেন অসাধারণ বাঁশিবাদক। তিনি যখন বাঁশিতে সুর তুলতেন, চারপাশ যেন মুহূর্তেই অন্যরকম হয়ে যেত। সেই বাঁশির সুর আমার শিশুমনকে গভীরভাবে ছুঁয়ে যেত। আজ এত বছর পরও মনে হয়, সেই সুর যেন কোথাও হারিয়ে যায়নি—আমার স্মৃতির ভেতর এখনো বাজছে।
কেউ আখাউড়া বাজার থেকে বাজার করে ফিরছে, কেউ আবার বাজারের উদ্দেশে যাচ্ছে। ধনু হাজী কাকার বাগানে বসে কাঠ ও কাপড়ের তৈরি হেলানো চেয়ারে বসে পূর্ব দিকের সেই কর্মচঞ্চল দৃশ্য দেখতে আমার ভীষণ ভালো লাগত।
আনোয়ার হোসেন ভাই, মিন্টু ভাই, অলি ভাই, আলিম ভাই, আবন ভাই—তাঁরা ছিলেন একেবারে ডানপিটে ও দুরন্ত স্বভাবের। তাঁদের ছোটাছুটি, দুষ্টুমি আর নানা কাণ্ডকারখানায় বাড়িটা সবসময় সরগরম থাকত।
মিন্টু ভাইয়ের ছিল পশুপাখির প্রতি আলাদা ভালোবাসা। ছাগল পালতেন, হাঁস পালতেন। হাঁসগুলো যখন ডিম দেওয়া শুরু করত, তখন তাঁর আনন্দের সীমা থাকত না। হাঁসের খাবারের জন্য তিনি বিল থেকে কুটি শামুক, বড় শামুক আর ঝিনুক কুড়িয়ে আনতেন। শামুক সংগ্রহ করা ছিল তাঁর নিত্যদিনের কাজ। তার মত অনেকেই তাদের হাসের জন্য শামুক কুড়াতেন। বাড়ির সামনে দিয়ে বিলের পাড়ে গেলেই অসংখ্য শামুক পাওয়া যেত। কখনো শামুক সংগ্রহ করতে গিয়ে মাছও ধরে নিয়ে আসতেন তারা।
অনেকেই গরু পালতেন। গরুর জন্য ঘাস কাটা ছিল একটা রুটিন ওয়ার্ক এর মত। গরুকে গোসল করানো, খাওয়ানো এবং তার পরিচর্যা করা তাদের আনন্দের অংশ ছিল।
সারাদিনের ক্লান্তি শেষে বিকেলটা সবাই যেন নিজের মতো করে উপভোগ করত। উঠতি বয়সের ছেলেরা একসঙ্গে বসে গল্প করত। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসত, কিন্তু তাদের গল্প যেন শেষ হতো না।
পশ্চিমপাড়ার রফিক ভাই ও চৌধুরী বাড়ির কান্দুরা কাকা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। জামাল ভাইও তাঁদের বন্ধু ছিলেন। তাঁরা একে অন্যকে বাড়ির পথে এগিয়ে দিতেন। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গল্প করা, হাসাহাসি করা—সেই দৃশ্যগুলো আজও আমার মনের গভীরে গেঁথে আছে।
কান্দুরা কাকার বাড়ির সেই কৃষ্ণচূড়া গাছটির কথা মনে পড়ে। ফুলে ফুলে যখন গাছটি লাল হয়ে থাকত, তখন চারপাশটা যেন স্বপ্নের মতো লাগত। পাশে পাটক্ষেত, তার ভেতর দিয়ে দুই বন্ধু হেঁটে যাচ্ছে, গল্প করছে। একদিকে কৃষ্ণচূড়ার লাল ফুল, অন্যদিকে সবুজ পাটক্ষেতে বাতাসের ঢেউ—মনে হতো, সবুজের সমুদ্রের মধ্যে যেন ঢেউ উঠছে। কী অপূর্ব ছিল সেই দৃশ্য!
১৯৮৪ সালে রফিক ভাই ও কান্দুরা কাকা পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান করেছিল। কী চমৎকারভাবে তারা বেলুন দিয়ে শ্রেণিকক্ষ সাজিয়েছিল! আমরা তখন বুঝতাম না বিদায় অনুষ্ঠান কী। শুধু জানতাম, তারা উপরের ক্লাসে উঠবে। পরে বুঝেছি, পঞ্চম শ্রেণি শেষ করে তারা আনুষ্ঠানিকভাবে সেই স্কুলজীবনের একটি অধ্যায় শেষ করেছিল।
তাদের সেই বিদায় অনুষ্ঠান আমার কাছে খুব সুন্দর লেগেছিল। কিন্তু পরবর্তীতে তাঁদের বিদায়ের স্মৃতি মনে পড়লে কেমন যেন কষ্ট হতো। মমিন স্যার তাঁদের সাজসজ্জায় সহযোগিতা করেছিলেন। সেই দৃশ্যগুলো আজও আমার স্মৃতিতে অমলিন।
একদিন বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে দেখলাম, শামসু কাকার শ্যালক জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে কী ভয়াবহ যন্ত্রণা ভোগ করছেন। তাঁর কষ্ট দেখে আমার ছোট্ট মনটা কেঁদে উঠেছিল। স্কুল থেকে ফেরার সময়ও দেখলাম, তাঁর কান্না থামেনি। সারাদিন অসহ্য যন্ত্রণা সহ্য করার পর একসময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। সেই মৃত্যু আমাকে গভীরভাবে কাঁদিয়েছিল। ছোটবেলায় দেখা সেই দৃশ্যের ব্যথা আজও যেন কোথাও রয়ে গেছে।
মান্দির বাড়ির মহব্বত আলী ও বরকত আলি কাকাদের একটি ভয়ংকর কুকুর ছিল। গ্রামের মানুষের মুখে শুনতাম, রাতের বেলা কুকুরটি কবর থেকে লাশ তুলে ফেলত। শেষ পর্যন্ত তার অত্যাচার আর সহ্য করতে না পেরে তারা কুকুরটিকে মেরে ফেলেছিল। আজ ভাবলে ঘটনাটি অবিশ্বাস্য মনে হয়, কিন্তু তখন গ্রামের জীবনে এমন গল্পও ছিল আমাদের বাস্তবতারই অংশ।
স্কুল ছুটি হলেই আমরা দল বেঁধে দক্ষিণ বিলে মাছ ধরতে চলে যেতাম। বাশার ভাইয়ের নেতৃত্বে সবাই একসঙ্গে লাইনে দাঁড়িয়ে বিশেষ কায়দায় “আলি আলি” ডাক দিয়ে পানিতে স্রোত সৃষ্টি করতাম। পানির টানে ডিমওয়ালা পুঁটি মাছ তখন সহজেই ধরা পড়ত। কিছুক্ষণের মধ্যেই সবার মাছ ধরার পাত্র ভরে যেত।
মাছ ধরা শেষ হলে আনন্দ-হইচই করতে করতে বাড়ি ফিরতাম। তারপর বিকেলে আবার শুরু হতো খেলাধুলা।
আমার নিজের দাদাকে আমি কখনো দেখিনি। আমার জন্মের আগেই তিনি মারা গিয়েছিলেন। কিন্তু অলি ভাইয়ের দাদার স্মৃতি আমার মনে এখনো খুব উজ্জ্বল। তিনি ছিলেন লম্বা, ফর্সা, সাদা দাড়িওয়ালা একজন স্নেহশীল মানুষ। আমাকে ভীষণ ভালোবাসতেন।
বড়ই গাছের লাল পাকা বরই পেড়ে আমি দাদাকে খেতে দিতাম। তিনি বরইটি হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে হাসতেন। তাঁর সেই হাসি আজও আমার চোখে ভাসে। আমার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল যেন দাদা-নাতির চেয়ে দুই বন্ধুর মতো।
নোয়া বাড়ির আবুল আসাদ কাকার বাবা ছিলেন অসাধারণ রসিক মানুষ। আমাদের মাথায় হাত বুলিয়ে বিশেষ ভঙ্গিতে মুখে শব্দ করে বলতেন, “তোমার মাথা পচে গেছে!” আমরা হেসে গড়িয়ে পড়তাম। তাঁর সেই রসিকতা আজও ভুলতে পারিনি।
কামাল ভাইয়ের দাদাও ছিলেন বেশ মজার মানুষ। তিনি কামাল ভাইকে আদর করে “শেখ কামাল” বলে ডাকতেন। সেই ডাকের মধ্যেও ছিল এক ধরনের স্নেহ আর হাসির আবহ।
আমাদের দাদিরাও ছিলেন মাটির মানুষ—সহজ, সরল, স্নেহময়। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি দিন বেঁচে ছিলেন কাপ্তান বুবু। সম্ভবত প্রায় ১৩০ বছর বয়সে তিনি পরলোকগমন করেন। আশ্চর্যের বিষয়, মৃত্যুর আগ পর্যন্ত তাঁকে সুস্থ অবস্থায় নিজের পায়ে হাঁটতে দেখেছি।
লিটনের দাদা আবুল কাশেম ভূইয়ার কথাও মনে পড়ে। অসুস্থ অবস্থায় তাঁর পাশে গিয়েছি। দেখেছি, দাদি বালতি থেকে বড় একটি নল দিয়ে বিশেষ কায়দায় তাঁর মাথায় পানি ঢালছেন। দাদা আমাকে খুব পছন্দ করতেন। তাঁর দুই মেয়ে—সফেদা ফুফু ও ছোট ফুফুর সঙ্গে আমার মায়ের ছিল গভীর আন্তরিকতা। তাঁদের পারস্পরিক ভালোবাসা ও সম্পর্ক আমাকে মুগ্ধ করত। তাঁরাও আমাকে খুব স্নেহ করতেন।
১৯৮০ থেকে ১৯৮৫—এই পাঁচটি বছর যেন আমার জীবনের এক বিশাল স্মৃতির ভাণ্ডার। কত মানুষ, কত ঘটনা, কত হাসি-কান্না—সবকিছু আজও মনের ভেতর জীবন্ত। আর সেই স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে আমাদের ধান কাটার দিনগুলো।
চলবে.....
লেখক : কবীর আহমেদ ভূঁইয়া। রাজনৈতিক ও উন্নয়ন কৌশলবিদ। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com