২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম পর্যায়ের মনোনীত শিক্ষার্থীদের ফল আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় একযোগে প্রকাশ করা হবে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই মেধার মাধ্যমে শিক্ষার্থীদের কলেজে ভর্তি করা হচ্ছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলা অনলাইন আবেদন প্রক্রিয়ায় মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। নীতিমালা অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রম দেওয়ার সুযোগ পেয়েছিল।
ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ভর্তি নিশ্চায়ন করতে হবে। আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়নে ব্যর্থ হলে শিক্ষার্থীর প্রাথমিক নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে।
এরপর ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় শিক্ষার্থীদের দেওয়া পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিতদের মূল ভর্তি কার্যক্রম ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
ভর্তির নীতিমালায় জানানো হয়েছে, কলেজগুলোর মোট আসনের ৯৩ শতাংশ সাধারণ শিক্ষার্থীদের জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। অবশিষ্ট ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ আসন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
কোটার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সে সব আসন সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) প্রবেশ করে ‘ভিউ রেজাল্ট’ অপশনে নিজেদের এসএসসি পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর, পাসের সাল ও বোর্ডের নাম দিয়ে সহজেই কাঙ্ক্ষিত ফল দেখতে পারবেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com