ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড বেইস ভোলার একটি টিম।
গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা সদর থানার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাঘার হাওলা সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন—নোয়াখালী জেলার মাইজদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নূর ইসলামের ছেলে নূরনবী (৩১) এবং আবদুল কুদ্দুসের ছেলে মোঃ রাসেল (১৯)।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মাদকের একটি বড় চালান সিএনজি অটোরিকশাযোগে পরিবহন করা হচ্ছে—এমন গোপন খবরের ভিত্তিতে এলাকায় একটি বিশেষ তল্লাশি চৌকি বসানো হয়। সন্দেহভাজন একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালালে ভেতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় এলাকা ও তৎসংলগ্ন অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
তিনি আরও জানান, আটককৃত মাদক কারবারি এবং উদ্ধারকৃত আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com