ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালকের গলায় চাকু ঠেকিয়ে ছিনতাই করা ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি চাকুও উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত আরও একজন পালিয়ে গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বৈরাটি এলাকার রেলক্রসিং সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের আব্দুল আলীম (২৫) আঠারবাড়ী অটোস্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিন ব্যক্তি ১০০ টাকা ভাড়ায় তার ইজিবাইকটি রিজার্ভ করে সোহাগী যাওয়ার কথা বলে। পথে বৈরাটি রেলক্রসিং এলাকায় পৌঁছালে তারা চালকের গলায় চাকু ঠেকিয়ে ইজিবাইক থামায়। একপর্যায়ে চাকু দিয়ে তার বাম হাতে আঘাত করে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে ইজিবাইকটি নিয়ে পালানোর চেষ্টা করে।
চালকের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। একই সময়ে টহলরত ঈশ্বরগঞ্জ থানার এসআই ওয়াজেদ ও তার সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করেন এবং ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করেন। এ সময় অপর একজন পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার অন্তর (২২) ও ইয়াছিন (২০)। পলাতক আসামির নাম মারুফ (২২)।
পুলিশ জানায়, স্থানীয় জনতার গণপিটুনিতে আহত দুই আসামিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আইন, ২০০২-এর ৪/৫ ধারায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাই হওয়া ইজিবাইক ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com