খুলনা ব্যুরো : খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। এর মধ্যেই গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে খুলনা জেলায় সন্দেহজনক হামে একজন এবং যশোর জেলায় ডেঙ্গুতে একজন মারা গেছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত পৃথক দুই প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২২৯ জন এবং বেসরকারি হাসপাতালে ২৩ জন চিকিৎসাধীন।
একই সময়ে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর খুলনা বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট ৮ হাজার ৫৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৭ হাজার ৩১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৯৭০ জন চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে ২১৭ জন রোগীকে অন্যত্র পাঠানো হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি খুলনা জেলায়। এ জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ১৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯২৩ জন।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার নিরাপত্তা প্রহরী মো. সফিকুল ইসলাম (৪২)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওই দিন রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসংলগ্ন মসজিদের সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ গোপালগঞ্জে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়।
সফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ ছাড়া উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্রবিষয়ক পরিচালক ও নিরাপত্তা তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সালাউদ্দীন এবং সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীরাও শোক প্রকাশ করেছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com