বিশ্বে তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। গত আগস্ট মাসে বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯৬ ডিগ্রি সেলসিয়াস। এটি কোনো একটি মাসের জন্য এ পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ বৈশ্বিক গড় তাপমাত্রা।ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এ তথ্য জানিয়েছে।
১৯৪০ সাল থেকে কোপার্নিকাসের তথ্য সংরক্ষিত হচ্ছে। এর আগে সর্বোচ্চ মাসিক বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড হয়েছিল মাত্র তিন বছর আগে, ২০২৩ সালের জুলাইয়ে।
ইউরোপীয় মধ্যমেয়াদি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের বিজ্ঞানী সামান্থা বার্গেস বলেন, বর্তমান সময়ের মতো এত উষ্ণ তাপমাত্রা মানবজাতি সম্ভবত গত অন্তত এক লাখ বছরের মধ্যে দেখেনি।
এ বছর ধারাবাহিক তাপপ্রবাহ, খরা ও দাবানলের কারণে পশ্চিম ইউরোপে ইতিহাসের সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম রেকর্ড হয়েছে।
ইউরোপের ইউরোমোমো পর্যবেক্ষণ প্ল্যাটফর্মের হিসাব অনুযায়ী, জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত অতিরিক্ত গরমের কারণে ইউরোপে ৩২ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু ঘটতে পারে।
একই সময়ে সমুদ্রের তাপমাত্রাও আগের সর্বোচ্চ রেকর্ডের সমান হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বের সমুদ্রগুলোতে টানা তিন মাস ধরে রেকর্ড মাত্রার উষ্ণতা দেখা যাচ্ছে।
সমুদ্রের এই অতিরিক্ত উষ্ণতা সামুদ্রিক প্রাণী, প্রবালপ্রাচীর এবং উপকূলীয় জনবসতির ওপর মারাত্মক প্রভাব ফেলছে।
এর সঙ্গে যোগ হয়েছে শক্তিশালী এল নিনো। আধুনিক সময়ে অন্যতম শক্তিশালী এল নিনোর কারণে প্রশান্ত মহাসাগরের পানি অস্বাভাবিকভাবে উষ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে।
এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বন্যা, খরা ও দাবানলের মতো চরম আবহাওয়ার ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা বলছেন, এই অস্বাভাবিক তাপমাত্রার প্রধান কারণ মানুষের কর্মকাণ্ডে সৃষ্ট জলবায়ু পরিবর্তন।
জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্রধান সাইমন স্টিয়েল বলেন, প্রমাণ এখন আর অস্বীকার করার সুযোগ নেই। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ওপর মানবজাতির নির্ভরতার কারণেই জলবায়ু সংকট আরও ভয়াবহ হচ্ছে।
তার মতে, মানুষ যতদিন কয়লা, তেল ও গ্যাস পোড়ানো বন্ধ না করবে ততদিন তাপমাত্রার নতুন নতুন রেকর্ড তৈরি হতে থাকবে।
তথ্যসূত্র: ডয়চে ভেলে
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com