সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়িতে নির্মাণাধীন ঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিউলি আক্তার (১৬) নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আচমিতা ইউনিয়নের উত্তর অষ্টঘড়িয়া নয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিউলি আক্তার একই এলাকার মো. সাইদুর রহমান ও শিখা আক্তার দম্পতির মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে নির্মাণাধীন একটি ঘরে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন শিউলি। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহটির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com