সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে মুদি ব্যবসার আড়ালে অভিনব কায়দায় মাদক ব্যবসার অভিযোগে হক মিয়া (৫০) নামের এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার মাথার বিশেষ কায়দায় লুকিয়ে রাখা টুপির ভেতর থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নদনা খন্দকার বাড়ি জামে মসজিদসংলগ্ন মুদি দোকানে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হক মিয়া নদনা গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মুদি দোকানের আড়ালে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন হক মিয়া। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে আসার পর শনিবার রাতে তার দোকানে অভিযান চালানো হয়। পরে তল্লাশির একপর্যায়ে তার মাথার টুপির ভেতর থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ তাকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, হক মিয়ার মুদি দোকানটি মাদক বিক্রির আড়াল হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তিনি অত্যন্ত কৌশলে টুপির ভেতর ইয়াবা লুকিয়ে রেখে বিক্রি করতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com