ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিকেলে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
বক্তব্যে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, বিএনপি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দলের ঐক্য অটুট রেখে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নিতে হবে।
তিনি বলেন, ঈশ্বরগঞ্জের তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। কোনো বিভেদ কিংবা ব্যক্তিস্বার্থ নয়, দলের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের পাশে থেকে তাদের সুখে-দুঃখে সহযোগিতা করাই হবে দলের মূল লক্ষ্য।
এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। একই সঙ্গে দলের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঞা মনি, যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশীদ, আহসান পারভেজ, শাহজাহান জয়পূরী, হোসেন মোহাম্মদ মন্ডল, অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু, শরীফ জায়েদী, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, নূরুন্নবী ও সেক্সপিয়ার প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উত্তর জেলা যুবদলের সহসভাপতি আয়কর আইনজীবী আজিজুল হাই সোহাগ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন, শ্রমিক দলের আহ্বায়ক তাজুল ইসলাম রয়েল, মহিলা দলের সভাপতি রোকেয়া বেগম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, সদস্য সচিব হারুন অর রশীদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ ও সদস্য সচিব রেজোয়ান আহমেদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে ঈশ্বরগঞ্জ পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com