ইরানের ইসলামি প্রজাতন্ত্র এখন মারাত্মক চাপে রয়েছে এবং দেশটির সরকার পতনের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা শুরুর পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইসরাইলি সামরিক কর্মকর্তাদের এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
নেতানিয়াহুর ভাষ্য, ইরান বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় দুর্বল অবস্থায় রয়েছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই দেশটির সরকার লড়াই করছে। ফলে সরকারটি এখন টলমল অবস্থায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ইরানের হুমকি স্থায়ীভাবে দূর করা এবং দেশটির বর্তমান সরকারকে উৎখাত করাই তাদের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জন এখন আর দূরের কোনো বিষয় নয় বলেও দাবি করেন তিনি।
ইরানকে দীর্ঘদিন ধরে নিজেদের জন্য বড় হুমকি হিসেবে দেখে আসছে ইসরাইল। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানে সামরিক অভিযান শুরু করেছিল ইসরাইল। পরে এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।
এর মধ্যেই চলতি সপ্তাহে ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি তেহরানের ওপর অর্থনৈতিক চাপও বাড়ানো হয়েছে। জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশাপাশি জর্ডান ও ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে হামলা চালিয়েছে। তবে ইসরাইলে এখনো কোনো হামলা চালায়নি ইরান।
ইসরাইলে হামলা না চালানোর বিষয়টিকেও নিজেদের সামরিক শক্তির প্রভাব হিসেবে দেখছেন নেতানিয়াহু। তিনি দাবি করেন, ইরান ইসরাইলের শক্তি, অস্ত্রের সক্ষমতা ও দৃঢ়তার বিষয়টি জানে বলেই দেশটিকে হামলার লক্ষ্য বানাচ্ছে না।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com