শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) উদযাপন উপলক্ষে রাজধানীতে আগামীকাল শুক্রবার এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা সন্ধ্যা ৭টায় বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। জন্মাষ্টমীর এ শোভাযাত্রা ঘিরে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং যান চলাচলে নিয়ন্ত্রণ আনছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এক গণবিজ্ঞপ্তিতে এতথ্য জানান।
শোভাযাত্রার রুট হবে—ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাই কোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপ শাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড ও রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক।
শোভাযাত্রায় ডিএমপির নির্দেশনার মধ্যে রয়েছে- শোভাযাত্রার রুটে কোন ধরনের যানবাহন পার্কিং করা যাবে না, উচ্চস্বরে পিএ বা সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকতে হবে; অংশগ্রহণে ইচ্ছুকদের প্রারম্ভেই শোভাযাত্রায় মিলিত হতে হবে। কোন ক্রমেই মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না। নিরাপত্তার স্বার্থে হ্যান্ড ব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইটার ইত্যাদি সঙ্গে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়া যাবে না; শোভাযাত্রা চলাকালীন রুটে কোন ধরনের ফলমূল ছোড়া যাবে না; শোভাযাত্রা চলাকালীন রাস্তায় অহেতুক দাঁড়িয়ে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না; সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করতে হবে; শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলতে হবে; ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
শোভাযাত্রা চলাকালীন নগরবাসীদেরকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com