জসীমউদ্দিন ইতি , ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের সীমান্তঘেঁষা অঞ্চলের চা শিল্পের সম্ভাবনা ও স্থানীয় আর্থ-সামাজিক অবস্থা পর্যবেক্ষণে বালিয়াডাঙ্গী লাহিড়ীর বিখ্যাত 'সুলতান চা বাগান' সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তাঁর সাথে ছিলেন তাঁর সহধর্মিণী।
পরিদর্শনকালে তাঁরা বাগানের সবুজ চা-গাছ, পাতা তোলার পদ্ধতি এবং প্রক্রিয়া জাতকরণের বিভিন্ন দিক ঘুরে দেখেন। রাষ্ট্রদূত স্থানীয় চা শিল্পের বিকাশ এবং ঠাকুরগাঁওয়ের সমতল ভূমির চা চাষের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেন।
বাগানের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। সফরকালে তাঁরা চা বাগানের শ্রমিকদের সাথেও সংক্ষিপ্ত কুশল বিনিময় করেন এবং ঠাকুরগাঁওয়ের মনোরম প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করেন।
এ ধরনের হাই-প্রোফাইল কূটনীতিকের আগমন স্থানীয় পর্যটন ও উত্তরবঙ্গের সমতল ভূমির চা শিল্পকে বিশ্বমঞ্চে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com