মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপনির্বাচনেও জামায়াতের প্রার্থী হলেন দেলাওয়ার হোসেন। আজ রোববার সকালে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। একইসঙ্গে তাকে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবেও ঘোষণা করা হয়।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম।
মনোনয়ন পাওয়া দেলাওয়ার হোসেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। এর আগে তিনি ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন তিনি।
প্রার্থী ঘোষণার সময় মাওলানা আব্দুল হালিম বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনই প্রধান মাধ্যম। জামায়াতে ইসলামী দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে সব ধরনের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় পর্যায়ে ১১ দলের সিদ্ধান্তের ভিত্তিতেই দেলাওয়ার হোসেনকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জোটের মনোনীত প্রার্থী করা হয়েছে।’
নির্বাচনের পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, ভোটাররা যদি নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে তাদের প্রার্থী বিজয়ী হবেন বলে তারা আশা করছেন।
জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুরের সাবেক জেলা আমির মাওলানা আনোয়ারুল ইসলাম, নীলফামারীর সাবেক জেলা আমির আব্দুর রশিদ, পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসেন ও ঠাকুরগাঁও জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর। এছাড়া বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেনর
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর এ আসনে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com