ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ডিজিটাল সার্ভে সঠিকভাবে সম্পন্ন হলে দেশে একটি নির্ভুল ভূমি ব্যবস্থাপনা গড়ে উঠবে এবং প্রায় ৮০ শতাংশ সিভিল ও ফৌজদারী মামলা নিরসন হবে।
আজ (২৯ আগস্ট ২০২৬) চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সেবা প্রার্থীদের জন্য নির্মিত আধুনিক বিশ্রামাগার 'সেবা কুঞ্জ'-এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এসব কথা বলেন।
ভূমি সেবাকে শতভাগ জনবান্ধব ও নির্বিঘ্ন করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বলে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, ভূমি কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামক বিশেষ অ্যাপ চালু করা হয়েছে। তিনি আরো বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী অফিস প্রাঙ্গণে থাকলে ভূমি দৃষ্টি এই অ্যাপে 'সবুজ সংকেত' এবং বাইরে গেলে 'লাল সংকেত' প্রদর্শিত হবে। এর মাধ্যমে সেবা প্রদানকারীর সেবা প্রদান কাজের স্বচ্ছতা নির্ধারণ করা সহজ হবে এবং সেবা মান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ভূমি সেবার মান অধিকতর নিশ্চিতকরণ প্রসঙ্গে ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, সেবা প্রার্থীরা যেন কোনো অস্বস্তি ছাড়াই সরকারি সেবা পেতে পারেন, সে লক্ষ্যে 'সেবা কুঞ্জ' তৈরি করা হয়েছে।
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, আমরা চাই ভূমি মন্ত্রণালয়ের অতীতের দুর্নাম ঘুচিয়ে দেশের ভূমি মালিকদের ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে দ্রুত সেবা নিশ্চিত করতে। ডিজিটাল সার্ভে সম্পন্ন হলে ভবিষ্যতে আর কোনো রেকর্ড ভুল হওয়ার সুযোগ থাকবে না জানান ভূমি প্রতিমন্ত্রী।
চট্টগ্রাম ও রাজশাহীতে ডিজিটাল সার্ভে (BDS) শুরু করা প্রসঙ্গে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জানান, চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলীতে বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস)-এর পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম ও রাজশাহীতে একযোগে এই আধুনিক জরিপ কাজ শুরু হয়েছে।প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, নতুন এই ডিজিটাল সার্ভে ব্যবস্থা চালু হলে ভূমিসংক্রান্ত জালিয়াতি চিরতরে বন্ধ হবে এবং সাধারণ জনগণ সরাসরি উপকৃত হবেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল হাটহাজারীতে জনকল্যাণমূলক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করেন।
এরপরে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল হাটহাজারীর কর্মসূচি অনুযায়ী মির্জাপুরে 'ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ' উদ্বোধন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমানের চারা বিতরণ করেন।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দিনের এক কর্মসূচিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠানগুলোতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, কৃষি ও সংশ্লিষ্ট সরকারি বেসরকারি কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সেবা প্রার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com