আগাম কোনো ঘোষণা ছাড়াই হবিগঞ্জের ২৫০ শয্যা সদর আধুনিক হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মস্থলে অনুপস্থিত এক ফার্মাসিস্টের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে হাসপাতালে পৌঁছে তিনি বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে দেখে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিদর্শনকালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, দায়িত্ব পালন, রোগীদের সুযোগ-সুবিধা, ওষুধ সরবরাহ ও হাসপাতালের পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিষয় সরেজমিনে দেখেন তিনি।
পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের বিভিন্ন বিভাগে অসংগতি ও অব্যবস্থাপনা দেখতে পেয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে আরও আন্তরিক ও জবাবদিহিমূলক হওয়ার নির্দেশ দেন তিনি।
পরে হাসপাতালের ডিসপেনসারি পরিদর্শনে গিয়ে ফার্মাসিস্ট রিগান আহমেদকে কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। সংশ্লিষ্টদের কাছে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ওই ফার্মাসিস্ট। বিষয়টি জানার পর তার বিরুদ্ধে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়।
এসময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আশপাশের জেলার হাসপাতালের তুলনায় এই হাসপাতালের পরিবেশ অনেক বেশি নোংরা। রোগীর চাপ বেশি, ডাক্তারের সংকট রয়েছে। এসব সমস্যা সমাধানে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, পাশাপাশি দ্রুততম সময়ে হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস স্থাপনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com