আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনায় স্বর্ণ ও ডায়মন্ডের বিপুল পরিমাণ অলঙ্কারসহ মো. সাইদুল (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানা পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট মোড় সংলগ্ন জননী এন্টারপ্রাইজের সামনে পাকা সড়কে চেকপোস্ট ডিউটির সময় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাইদুলের হেফাজত থেকে স্বর্ণখচিত ডায়মন্ডের লকেটসহ ৩টি স্বর্ণের চেইন, স্বর্ণখচিত ডায়মন্ডের বিভিন্ন ধরনের ৪৫টি নোজপিন (নাকফুল), ১২ জোড়া কানের দুল, ৮টি লকেট, ৩টি আংটি এবং ২টি ব্রেসলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার সাইদুল কুমিল্লা জেলার মুরাদনগর থানার বড়ইয়া কুড়ি এলাকার মীর হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচা খালপাড় এলাকায় বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় কেএমপির হরিণটানা থানায় এফআইআর নং-৮, তারিখ ২৮ আগস্ট ২০২৬ এবং জিআর নং-৬৮-এর মাধ্যমে The Special Powers Act, 1974-এর ২৫বি/২৫ডি ধারায় মামলা করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা অলঙ্কারগুলোর বৈধতা ও চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com