ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের আষারিয়ার চর ব্রিজ থেকে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত কুমিল্লার দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
জানা গেছে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর সেতু সংস্কারের কাজকে কেন্দ্র করে এ যানজটের সৃষ্টি হয়। সেতুর ঢাকামুখী লেনের একটি অংশে বড় গর্ত তৈরি হয়েছিল। গর্তটি দিন দিন বড় হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। সংস্কারকাজ চলাকালে মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অন্য লেন দিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হয়। এতে ধীরে ধীরে ওই এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকে। একপর্যায়ে যানজট দীর্ঘ হয়ে কুমিল্লার চান্দিনা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
আজ শনিবার অতিরিক্ত যানবাহনের চাপ এক লেন দিয়ে পার হওয়ার চেষ্টা করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দীর্ঘ যানজটে আটকে পড়েন বিদেশগামী অনেক যাত্রীও। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকায় দুর্ভোগে পড়েছেন তারা।
দীর্ঘ যানজটে আটকে থাকা কয়েকজন চালক জানান, ব্রিজ এলাকায় এসে যানবাহনের গতি একেবারে কমে যাচ্ছে। অনেক গাড়ি ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পণ্যবাহী যানবাহনের চালক ও দূরপাল্লার যাত্রীরা।
বাসযাত্রী শিহাব বলেন, ঘণ্টার পর ঘণ্টা পার হলেও তারা একই জায়গায় আটকে আছেন। এত দীর্ঘ যানজটের কারণও অনেক সাধারণ যাত্রী জানেন না।
দাউদকান্দি মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের মূল কারণ আষাড়িয়ারচর সেতু এলাকায় সড়ক সংস্কার। মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে মহাসড়ক পুলিশ কাজ করছে।
কাঁচপুর মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের দুই লেনের একটি লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। ফলে এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, যানবাহন চলাচল স্বাভাবিক করতে এবং যানজট নিয়ন্ত্রণে মহাসড়ক পুলিশের একাধিক দল নিরবচ্ছিন্নভাবে মাঠে কাজ করছে।এদিকে মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে শুধু যাত্রীরাই নন, বিপাকে পড়েছেন পণ্যবাহী যানবাহনের চালকেরাও। ঢাকামুখী ট্রাক ও কাভার্ডভ্যান দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় পণ্য পরিবহনেও এর প্রভাব পড়ছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com