সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী পারমার্থিক প্রতিযোগিতা ‘ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট’ আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী ইসকন বাংলাদেশের জাগ্রত ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পায়। প্রতিযোগীদের বয়স ও শ্রেণি অনুযায়ী তিনটি বিভাগে বিভক্ত করে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ক বিভাগে (২য় থেকে ৪র্থ শ্রেণি) গীতার শ্লোক আবৃত্তি, কুইজ, ছবিতে রং, ভজন-কীর্তন ও পৌরাণিক অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খ বিভাগে (৫ম থেকে ৭ম শ্রেণি) গীতার শ্লোক আবৃত্তি, কুইজ, চিত্রাঙ্কন, ভজন-কীর্তন ও বৈদিক নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এছাড়া গ বিভাগে (৮ম থেকে ১০ম শ্রেণি) গীতার শ্লোক আবৃত্তি, কুইজ, চিত্রাঙ্কন, ভজন-কীর্তন ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া প্রতিটি পর্বে উপহার সামগ্রী, ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হবে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তির ব্যবস্থা রয়েছে।
বৈদিক নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মৃত্তিকা মজুমদার বলেন, এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি খুব আনন্দিত। বৈদিক সংস্কৃতি ও আমাদের ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি নিজের প্রতিভা বিকাশেরও সুযোগ পাচ্ছি। এমন আয়োজন শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
প্রতিযোগিতায় অংশগ্রহণ ও বিস্তারিত তথ্যের জন্য জাগ্রত ছাত্র সমাজ, শ্রীশ্রী রাধা-মাধব মন্দির (ইসকন), গল্লামারী, সোনাডাঙ্গা, খুলনা কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com