আরফান আলী, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে একই দিনে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু এবং দুই নারী-কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের হযরত আলীর ছেলে রোহান (৭) ও একই গ্রামের ওবায়দুল আসলাম’র ছেলে ইসমাইল (৬)। রোহান স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির এবং ইসমাইল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সোমবার ভোরে মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনেরা মরদেহ উদ্ধার করেন। স্থানীয়দের ভাষ্য, দুই শিশু মাঝেমধ্যে জলাশয়ে মাছ ধরতে নামলেও ভালোভাবে সাঁতার জানত না।
একই দিন দুপুর ৩টার দিকে নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে হোসাইন আহমেদ আলিফ (৩) নামে আরও এক শিশুর মৃত্যু হয়। সে ওই গ্রামের রাজিব মিয়ার ছেলে। পানিতে ডুবে যাওয়ার পর স্বজনেরা তাকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
এদিকে, নয়াবিল ইউনিয়নের নয়াবিল এলাকায় নুরজাহান বেগম (৬৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে একটি পেয়ারা গাছের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান মেয়ে তাসলিমা আক্তার। নুরজাহান বেগম ওই গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।
অন্যদিকে, রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামে শাকিলা (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে ঘরের ধন্যার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com