দেশের মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ না পাওয়ার অন্যতম কারণ গ্যাসের আমদানিনির্ভরতা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (শিবলী)। তিনি অভিযোগ করেছেন, গত ১৭ বছরে গ্যাস আমদানির নামে বিপুল অর্থ লুটপাট করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, দেশের মানুষ বিদ্যুৎ না পাওয়ার কারণ হচ্ছে গ্যাসের আমদানিনির্ভরতা।
ফ্যাসিবাদ গত ১৭ বছরে কিছু করেনি। বরং গ্যাস আমদানির নামে টাকা লুটপাট করেছে।
তিনি বলেন, গ্যাসের আমদানিনির্ভরতা কমিয়ে দেশের নিজস্ব উৎস থেকে গ্যাস উৎপাদনের দিকে যেতে হবে। নিজস্ব উৎস থেকে পর্যাপ্ত গ্যাস উৎপাদন করা সম্ভব হলে বিদ্যুৎ খাতের সংকটও অনেকটা দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ছালেহ বলেন, খুব শিগগির প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এ সমস্যার সমাধানে কাজ করবে। আমদানিনির্ভরতা কমিয়ে ধীরে ধীরে দেশেই গ্যাস ও বিদ্যুৎসহ প্রয়োজনীয় পণ্য উৎপাদনের মাধ্যমে চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে। এ জন্য জনগণকে কিছুটা ধৈর্য ধরতে হবে। বিদ্যুৎ নিয়ে বর্তমানে মানুষের যে ভোগান্তি রয়েছে, তা সরকার বুঝতে পারছে এবং দ্রুত এ সমস্যার সমাধানের চেষ্টা চলছে।
প্রেস সচিব বলেন, বিএনপি দেশের মানুষের চাহিদা ও সমস্যার কথা বিবেচনায় নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করছে। সব ধর্ম, বর্ণ ও মতের মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক ও চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষের জন্য পৃথক পরিকল্পনা রয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
ছালেহ আরও বলেন, ‘২৪-এর ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে যে কমিটমেন্ট দিয়েছিল, অবশ্যই তার সফল বাস্তবায়ন হবে।
সুধী সমাবেশে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com