ইয়ামিন হোসেন, ভোলাঃ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ নতুন সরকারের মন্ত্রীসভায় জায়গা পাচ্ছেন—জাতীয় দৈনিক ও বিভিন্ন মাধ্যমে প্রচারিত এমন খবরে ভোলাজুড়ে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
গত কয়েক দিন ধরে সরকারের সম্ভাব্য মন্ত্রীসভার তালিকা নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে আন্দালিভ রহমান পার্থর নাম আলোচনায় আসার পর থেকেই ভোলা সদরসহ বিভিন্ন উপজেলার রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। খবরটি ছড়িয়ে পড়ার পর দলের স্থানীয় নেতাকর্মী ও ভক্ত-সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে তাঁকে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
স্থানীয় অধিবাসী ও বিজেপি নেতাকর্মীদের মতে, আন্দালিভ রহমান পার্থ একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ ও বিশিষ্ট আইনজীবী হিসেবে ইতোমধ্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছেন। তিনি মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত হলে ভোলার সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন, নদীভাঙন রোধ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
ভোলার একাধিক সাধারণ নাগরিক জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত এই দ্বীপজেলার গ্যাসের সঠিক ব্যবহার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আঞ্চলিক সুযোগ-সুবিধা ত্বরান্বিত করতে একজন অভিজ্ঞ ও বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে ভোলাবাসীর দীর্ঘদিনের চাওয়া-পাওয়া ও উন্নয়নমূলক দাবিগুলো জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে বাস্তবায়িত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে স্থানীয় বিজেপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জানান, জাতীয় রাজনীতিতে তাঁর দক্ষতা ও ভোলার মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা বিবেচনা করেই সাধারণ মানুষ আজ আনন্দিত। তারা প্রত্যাশা করছেন, এই জল্পনা দ্রুতই বাস্তবে রূপ নেবে এবং ভোলার উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com